এখন থেকে ভাইবার ব্যবহারকারীরা সময় লিমিট ছাড়াই ২০ জন একসঙ্গে গ্রুপ ভিডিও কল করতে পারবেন। কিছুদিন আগেই ভাইবার বাংলাদেশে তাদের নতুন এই ফিচারটি উন্মুক্ত করে।
মোবাইল কিংবা ডেস্কটপ থেকে সহজেই ভাইবার অ্যাপ ব্যবহার করে গ্রুপ ভিডিও কল ফিচারের সুবিধা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে ব্যবহারকারীরা স্ক্রিন শেয়ারিং ও ভিডিও ব্রডকাস্টিং সুবিধাও উপভোগ করতে পারবেন।
আশা করা হচ্ছে, করোনাভাইরাস মহামারির এই সময়ে নতুন স্বাভাবিকতায় মানিয়ে নিতে সরাসরি যোগাযোগের সমাধান হিসেবে কাজ করবে ভাইবারের গ্রুপ চ্যাট ও গ্রুপ ভয়েস কল ফিচার। এতে ব্যবহারকারীরা নিজেদের ভিডিও ব্যক্তিগত স্ক্রিনে সুরক্ষিতভাবে পিনকরে নিতে পারবেন।
ভাইবারের চিফ অপারেটিং অফিসার (সিওও) অফির ইয়াল জানান যে, “২০ জনের গ্রুপ ভিডিও কল সুবিধা দিতে পেরে তারা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে গ্রুপ ভিডিও কলে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানো হবে।”
তিনি আরও বলেন, “সমাজের জন্য বিশেষ উদ্দেশ্যে কাজ করে ভাইবার। তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই একে অন্যের সাথে যোগাযোগ করতে পারবেন। আগের যেকোনও সময়ের চেয়ে যোগাযোগমাধ্যম হিসেবে ভিডিও কলের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। বর্তমান করোনা পরিস্থিতিতে ফেস টু ফেস আলোচনা করা সম্ভব নয়, এমন অবস্থায় অনলাইনে ব্যবহারকারীদের সংযোগ করিয়ে দিতেই ভাইবার এই ফিচারটি উন্মুক্ত করেছে।”
ভাইবারের নতুন এই ফিচারটি ব্যবহার করে আমরা সামাজিক দূরত্ব মেনে চলেও নিজের বন্ধু, সহকর্মী এবং পরিবারের সবার সাথে যোগাযোগ করতে পারব।
তাহমিদ শিহাব / নিজস্ব প্রতিবেদক